সান্তাহারে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, যুবলীগ নেতা নিহত
বগুড়ায় সিএনজি অটোরিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার দুপুরে সান্তাহারে এ ঘটনা ঘটে বলে আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান।
নিহত শফিকুল ইসলাম আদমদীঘি উপজেলার সান্দীরা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি।
আহতদের মধ্যে বাদশা মিয়া নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা শফিকুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকরা তাদের নিয়ন্ত্রিত সমিতিতে ইজিবাইক মালিক-শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করার জন্য বেশ কিছুদিন ধরে চাপ দিয়ে আসছিল।
ইজিবাইক মালিক-শ্রমিকরা তাতে রাজি না হওয়ায় দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে বৃহস্পতিবার রাতেও এক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান তিনি।
ওসি বলেন, দুপুরে দুই পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশকিছু অটোরিকশা ও ইজিবাইক ভাংচুর করা হয়।
“সংঘর্ষে আহত ছয়জনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
