২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগতীরে শুরু বিশ্ব ইজতেমা

ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমা।

আবুল হোসেন

 গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 10:37 AM

Updated : 11 Oct 2022, 07:32 PM

পুরনো খবর:

ইজতেমায় ২৮টি বিশেষ ট্রেন
বিশ্ব ইজতেমা: গাজীপুরে স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দেশ-বিদেশের কয়েক লাখ মুসলমানের অংশগ্রহণে শুক্রবার ভোরে তাবলীগ জামাতের এই ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

২০১১ সাল থেকে প্রতিবছর দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হচ্ছিল। এবার থেকে দুই বছরে চার পর্বে দেশের ৬৪ জেলার তাবলিগ সদস্যদের জন্য ইজতেমায় অংশগ্রহণের ব্যবস্থা হয়েছে।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, এবার প্রথম দফার ইজতেমায় অংশ নিচ্ছেন ১৭টি জেলার মুসলমানরা।

জেলাগুলো হলো- ঢাকা জেলার একাংশ, নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠি।

১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে।

এরপর ১৫ জানুয়ারি শুরু হবে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব, যাতে অংশ নেবেন ১৫টি জেলার মুসলমানরা। এর বাইরে দেশের বাকি ৩২টি জেলার মানুষ আগামী বছর দুই পর্বে ইজতেমায় অংশ নেবেন। 

ইজতেমার প্রথম পর্বে যোগ দিতে বৃহস্পতিবার থেকেই তাবলিগ জামাতের সদস্যরা মালামালসহ তুরাগ তীরে হাজির হতে থাকেন। লাখ লাখ মুসলমানের ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে টঙ্গী পরিণত হয় ধর্মীয় উৎসবের নগরীতে।  

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। বয়ান বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা মো. আব্দুল মতিন।

দুপুরে ইজতেমা ময়দানে জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের ক্বারী মো.জুবায়ের।

কোন জেলার অবস্থান কোথায়

ইজতেমা প্রাঙ্গণে প্রতিবারের মতই তাবলিগের সদস্যদের জন্য স্থান নির্দিষ্ট করা হয়েছে। ১৭টি জেলার তাবলিগ সদস্যরা এবার ২৭টি স্থানে বিভক্ত হয়ে সম্মিলনের এই তিনদিন অবস্থান করবেন। এই নির্দিষ্ট এলাকাকে বলা হয়  খিত্তা।

১ থেকে ৬ নম্বর খিত্তায় ঢাকা, ৭-এ শেরপুর, ৮ ও ১১-তে নারায়ণগঞ্জ, ৯-এ নীলফামারী, ১০-এ সিরাজগঞ্জ, ১২-তে নাটোর, ১৩-তে গাইবান্ধা, ১৪ ও ১৫-তে লক্ষীপুর, ১৬ ও ১৭-তে সিলেট, ১৮ ও ১৯-এ চট্টগ্রাম, ২০-তে নড়াইল, ২১-এ মাদারীপুর, ২২ ও ২৩-এ ভোলা, ২৪-এ মাগুড়া, ২৫-এ পটুয়াখালী, ২৬-এ ঝালকাঠি ও ২৭-এ পঞ্চগড় জেলা থেকে আসা তাবলিগের সদস্যরা অবস্থান করবেন।

যান চলাচলে নিয়ন্ত্রণ

গাজীপুর ট্রাফিক পুলিশের সিনিয়র এএসপি মো. শাখাওয়াৎ হোসেন জানান, দুই পর্বে দেড় হাজার ট্রাফিক পুলিশ সদস্য ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।

এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য এবার বিভিন্ন স্থানে বসানো হয়েছে ৬০টি ক্লোজড সার্কিট ক্যামেরা।

৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টা এবং ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ধৌর ব্রিজ থেকে প্রগতি সরণি এবং টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহন বন্ধ থাকবে। তবে বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স এর আওতা মুক্ত থাকবে।

এছাড়া ঘোড়াশাল থেকে পূবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে মরকুন পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহন কাঁচপুর/যাত্রাবাড়ী সড়ক ব্যবহার করবে।

ইজতেমাগামী, উত্তরাবাসী, বিমানযাত্রী, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য যানবাহন চালকদের মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে এবং ঢাকা থেকে ইজতেমায় আগতদের তুরাগ নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ও কামারপাড়া ব্রিজ ব্যবহার করতে পরামর্শ দিয়েছে পুলিশ।

ইজতেমা ময়দানের পশ্চিম পাশে মুসল্লিদের পারাপারের জন্য তুরাগের উপর আটটি স্থানে ভাসমান সেতু বসিয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, ইজতেমা চলাকালে টঙ্গীর ইজতেমাস্থল ও আশেপাশের এলাকায় অবৈধ দখল উচ্ছেদ, যানচলাচল, হোটেল-রেস্তোরাঁয় খাবারের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে।