২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মেয়েকে ‘খুন’ করে বাবার ‘আত্মহত্যা’

খুলনা নগরীতে মানসিক প্রতিবন্ধী মেয়েকে ‘গলা টিপে হত্যার পর’ এক বাবা নিজে ‘গলায় দড়ি দিয়ে’ আত্মহত্যা করেছেন বলে খবর দিয়েছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 02:02 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

নিহতরা হলেন মোস্তফা কামাল (৫২) ও তার মেয়ে সুমাইয়া অরিন (১৭)।

বুধবার সকালে বাবা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।


কামাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের খুলনা বিভাগে একটি ইউনিটে হিসাব কর্মকর্তা ছিলেন।

কামালের স্ত্রী পুলিশকে জানান, রাতে স্বামী ও মেয়ে এক ঘরেই ছিল। ভোরে ঘুম থেকে উঠে অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না মেলায় জানালা দিয়ে ঘরের মধ্যে কামালের ঝুলন্ত লাশ ও পাশে মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলছেন, মেয়ের প্রতিবন্ধিতা এবং নিজের অসুস্থতা থেকে হতাশার কারণে কামাল এ ঘটনা ঘটিয়েছেন বলে কামাল ডায়রিতে লিখে গেছেন।

“ঘটনাস্থল থেকে একটি ডায়রি উদ্ধার করা হয়েছে, যেখানে কামালের ‘আত্মহত্যার কারণ’ উল্লেখ করা হয়েছে।”

ডায়রি উদ্ধৃত করে ওসি জানান, কামালের কোমরের হাড় ক্ষয় হয়ে যাওয়ায় তিনি ঠিকমতো বসতে পারতেন না। এ কারণে তিনি তার দপ্তরের পরিচালক ডা. অশোক কুমার পালকে অনুরোধ করেছিলেন তার কার্যালয় যেন চারতলা থেকে নিচতলায় স্থানান্তর করেন।  

“কিন্তু তা না হওয়া এবং প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।”

ওসি জানান, কামাল প্রথমে মেয়ে অরিনকে গলা টিপে হত্যা করেন। এরপর আত্মহত্যা করবেন বলে ডায়রিতে লিখে যান।”