সিঙ্গাইর পৌরসভায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর গাড়ি-মাইক ভাংচুর
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মীর মো. শাজাহানের কর্মীদের মারধর এবং প্রচারকাজে ব্যবহৃত টেম্পো ও মাইক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের প্রার্থী আবু নাঈম মো. বাশারের কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকালে সিঙ্গাইর-গোলড়া সড়কে মারধর ও ভাংচুরের এ ঘটনা ঘটে বলে জানান শাজাহান।
আহত আবদুর রহমান (৩৫) ও মোতালেব হোসেনকে (৪৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, শাজাহানের ‘জগ’ প্রতীকের পক্ষে মাইকিং করার জন্য টেম্পো নিয়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান তারা। বিকাল ৫টার দিকে ফেরার পথে সিঙ্গাইর-গোলড়া সড়কে একটি মাইক্রোবাস থেকে চাপাতি ও লোহার রড হাতে দুই যুবক নেমে এসে তাদের টেম্পো ও মাইক ভাংচুর করে। এরপর রড দিয়ে তাদের পেটায়।
এরপর শাজাহানের পক্ষে প্রচারের কাজ না করার হুমকি দিয়ে মাইক্রোতে করে চলে যায় বলে অভিযোগ করেন তারা।
মীর মো. শাজাহান বলেন, “আওয়ামী লীগের প্রার্থী মো. বাশারের সন্ত্রাসী কর্মীরা এই হামলা চালিয়েছে। শুরু থেকেই আমার নির্বাচনী প্রচারে বাশার ও তার লোকজন বাধা দিচ্ছে। এর আগেও কয়েকবার আমার কর্মী ও সমর্থকদের মারধর করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে মো. বাশার বলেন, “এ ধরণের কোনো ঘটনা আমার জানা নেই। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ওই প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন।”
এ ব্যাপারে সিঙ্গাইরের রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
