২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আইনজীবী-আদালত কর্মচারী সংঘর্ষ

লক্ষ্মীপুর আদালতে ভবন র্নিমাণ নিয়ে আদালত বর্জনের মধ্যে আইনজীবীদের সঙ্গে আদালত কর্মচারীদের সংঘর্ষ হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 04:15 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে আইনজীবী ও কর্মচারীরা জানান।

ওই সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের দরজা জানালা ভাংচুর করা হয়।

পরে আইনশৃংখলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আইনজীবী সমিতির ভবন নির্মাণ নিয়ে সৃষ্ট বিরোধে গত তিনদিন ধরে জেলা ও দায়রা জজ, মুখ্য বিচারিক হাকিম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বর্জন করে আসছিলেন আইনজীবীরা।

এখন তারা জেলা ও দায়রা জজ আখতার হোসেন এবং মুখ্য বিচারিক হাকিম মহিদুজ্জামানের বদলিও দাবি করছেন। 

আদালত সংশ্লিষ্টরা জানান, আইনজীবীদের আদালত বর্জনের মধ্যে আদালতের কর্মচারী ও বিচারকরা কার্যক্রম অব্যাহত রেখেছেন।   

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে আইনজীবীরা বিচারকদের বদলির দাবিতে আদালতের বারান্দায় বিক্ষোভ মিছিল শুরু করেন।

এক পর্যায়ে আদালত কর্মচারী ও আইনজীবীরা কথা কাটাকাটি ও সংঘর্ষে জড়ান।  

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার আলম ও আদালত কর্মচারী ইমাম হোসেন মিন্টু বলেন, আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে তাদের উপর হামলা ও দরজা-জানালা ভাংচুর করেছেন। 

তিনি বলেন, আইনজীবীদের মারধরে আদালত কর্মচারী আব্দুল মতিন, আইয়ুব আলী, ইমাম হোসেন, সুদেব চন্দ্র মালী, আব্দুর রহমান, শওকত হোসেন, কাজল হোসেন, নূরনবী ও এমরান হোসেন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিক উল্লাহ পাল্টা অভিযোগ করে বলেন, আদালত কর্মচারীরাই আইনজীবীদের উপর হামলা করেছেন। এ সময় বেশ কয়েকজন আইনজীবী আহত হন।

“কর্মচারীদের হামলায় আহত অ্যাডভোকেট আশিকুর রহমানসহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।“

আইনজীবিদের উপর হামলা ও বিচারকদের বদলির দাবিতে আইনজীবীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষাণা দেন এই আইনজীবী নেতা।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী জানান, গণপূর্ত বিভাগের জায়গায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে আদালত নোটিশ দিলেও আইনজীবীরা নির্মাণ কাজ অব্যাহত রাখেন।

এ নিয়ে আইজীবীদের সঙ্গে আদালতের বিচারক ও কর্মচারীদের বিরোধ শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলামসহ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।