কিবরিয়া হত্যা: বিস্ফোরক মামলায় অভিযোগ আমলে
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত।
মঙ্গলবার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক আতাবুল্লাহ অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
একই সঙ্গে আগামী ২৯ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান হবিগঞ্জ জজ আদালতের পিপি আকবর হোসেন জিতু।
গত বছরের ৫ অগাস্ট ৩২ জনকে আসামি করে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
পিপি আকবর হোসেন জানান, সকালে কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হুজি নেতা মুফতি হান্নানসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়।
তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের নবনির্বাচিত মেয়র জিকে গউছকে হাজির করা হয়নি। এছাড়া জামিনে থাকা আট আসামিও আদালতে হাজিরা দেন। পলাতক রয়েছেন ১০ আসামি।
২০০৫ সালে ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এএম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী নিহত হন।
পরের দিন আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ খান বাদী হয়ে এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা করেন।
হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।
