সহকর্মীর ছুরিকাঘাতে আহত পুলিশ সদস্য
কথা কাটাকাটির জেরে খাগড়াছড়িতে সহকর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি থানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মজিদ আলী জানান।
আহত মংজয় চাককে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ওই থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
এ ঘটনায় জড়িত অভিযোগে একই থানার আরেক পুলিশ কনস্টেবল মো. ফারুককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে থানার মধ্যেই ফারুক ও মংজয় চাকের মধ্যে কথা কটাকাটি বাধে।
“এক পর্যায়ে ফারুক ছুরিকাঘাতে মংজয়কে জখম করেন। পরে সহকর্মীরা তাকে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
এরপর ঘটনাস্থল থেকে ফারুককে আটক করা হয় বলে জানান এসপি মজিদ আলী।
লক্ষ্মীছড়ি উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক আলা উদ্দীন জানান, মংজয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে তার অবস্থা আশংকাজনক নয় বলে জানান এ চিকিৎসক।
