২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ মামলার আসামির কারাগারে মৃত্যু

যুদ্ধাপরাধের মামলার এক আসামিসহ গাজীপুরের কাশিমপুর কারাগারে দুই বন্দির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 01:11 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

এরা হলেন- যুদ্ধাপরাধে অভিযুক্ত কক্সবাজারের মহেশখালীর মো. জিন্নাত আলী ওরফে জিন্নাত (৬৫) ও চট্টগ্রামের বাঁশখালীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুর (৪৫)।  

দুজনের বুকে ব্যথা হওয়ার অভিযোগ পেয়ে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার মধ্যরাতে জিন্নাত আলী বুকে ব্যথার অভিযোগ করলে তাকে প্রথমে কারা হাসাপাতালে নেওয়া হয়।

“সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

গত বছরের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই দিনই জিন্নাতকে আটক করা হয়। এর পর গত পাঁচ মাস তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।

জিন্নাতসহ কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে  ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যা ১৯ জানুয়ারি আদালতে দাখিলের কথা রয়েছে।

কারা কর্মকর্তা মিজানুর বলেন, এর আগে বিকালে গফুর বুকে ব্যথার অভিযোগ করলে তাকে একইভাবে হাসপাতালে নেওয়ার পর রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্ত্রী হত্যামামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি গফুর ২০১২ সাল থেকেই এ কারাগারে বন্দি ছিলেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, “দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”