দুই বছরে চার পর্বে বিশ্ব ইজতেমা
এখন থেকে প্রতি দুই বছরে চার পর্বে দেশের ৬৪ জেলার তাবলিগের চিল্লাধারী সব মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তবে সাধারণ মুসল্লিদের জন্য এ নিয়ম করা হয়নি।
প্রতিবছর ৩০-৩৫ লাখ লোক বিশ্ব ইজতেমায় যোগ দেন। টঙ্গীর তুরাগ তীরে স্থান সংকুলান না হওয়ায় চার পর্বে ইজতেমা আয়োজনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মুরব্বি গিয়াস জানান।
গত বছর ইজতেমার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে তাবলিগ জামাতের সদস্য নয় এমন যারা বিচ্ছিন্নভাবে ইজতেমায় যোগ দেন, তাদের সম্পর্কে কোনো বিধি-নিষেধ নেই বলে জানান তিনি।
এ বছর ৮ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এ নিয়ে প্রস্তুতিও শুরু করেছেন তাবলিগ সদস্যরা। তাদের সহযোগিতা করছেন স্থানীয় প্রশাসন।
প্রথম পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশসহ নারায়ণগঞ্জ, শেরপুর, মাদারীপুর, সিরাজগঞ্জ, নাটোর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, লক্ষ্মীপুর, সিলেট, নড়াইল, মাগুরা, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠির সদস্যরা।
দ্বিতীয় দফা শুরু হবে ১৫ জানুয়ারি।
দ্বিতীয় পর্বে অংশ নেবেন ঢাকা জেলার একাংশসহ নেত্রকোনা, ফরিদপুর, জামালপুর, নরসিংদী, রাজশাহী, কুড়িগ্রাম, বগুড়া, ঠাকুরগাঁও, ফেনী, কুমিল্লা, সুনামগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও পিরোজপুরের সদস্যরা।
প্রতিবছর তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার আয়োজন হয়।
ইজতেমায় তাবলিগ জামাতের দেশি-বিদেশি সাথীরা অংশ নেন। বয়ান করেন সংগঠনটির শীর্ষ আলেমরা।
প্রতিবছরই সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা মাঠের যাবতীয় আয়োজন ও ব্যবস্থাপনা সম্পন্ন হয়।
