নগরকান্দায় যুবলীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের নগরকান্দা পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়া এক যুবলীগ নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালান।
ইউএনও আবদুল আজিজ জানান, ২০১৩ সালে নগরকান্দা পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বিকুল পৌর এলাকার ১৫৪ নম্বর নগরকান্দা মৌজার ৪০৭, ৪০৮ ও ৪৬১ নম্বর দাগের ১৫ শতাংশ জলাশয় ভরাট করে বাসা ও দোকান ঘর নির্মাণ করেন।
উক্ত অবৈধ দখল মুক্ত করতে নগরকান্দা উপজেলা প্রশাসন ২০১৪ সালের ৪ অগাস্ট জেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করেও কোনো ফল পায়নি বলে জানান ইউএনও।
আবদুল আজিজ আরও জানান, সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য দখলকারী বিকুলকে বার বার নোটিশ করা হলেও তিনি জায়গা ছেড়ে দেননি। তাই অবৈধ দখল উচ্ছেদ আইনে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।
মুরাদ হোসেন বিকুল সাংবাদিকদের বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নগরকান্দা পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় তার জায়গা সরকারি লোক দিয়ে উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নগরকান্দা পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, সদর তহশীলদার আবুল আলা মারজানুল বাকী, সার্ভেয়ার (ভুমি) মোর্শেদ খান, এসআই ফরহাদ হোসেন, এসআই মাহমুদসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন।
এবারের পৌর নির্বাচনে নগরকান্দা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী রায়হান উদ্দীন জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির সাইফুল ইসলাম মুকুল। মুরাদ হোসেন ছিলেন তৃতীয় স্থানে।
