নারায়ণগঞ্জে টাকা নিয়ে বই, শিক্ষক বরখাস্ত
টাকার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বই বিতরণের অভিযোগে নারায়ণগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম এ বরখাস্তের আদেশ দেন।
বরখাস্ত রইস উদ্দিন সিদ্ধিরগঞ্জের গোদনাইল ৭৯ নম্বর তাঁতখানা সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
একই সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে মাহফুজা বেগম জানান।
বিনামূল্যের সরকারি বই দিয়ে এই বিদ্যালয়ের ১২শ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে আদায়ের খবর শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
মাহফুজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা করে আদায়ের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মনজুরুল হককে আহবায়ক করে তদন্ত একটি কমিটি গঠন করা হয়।
“তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে রোববার সকালে মনজুরুল হক তার (জেলা শিক্ষা অফিসার) কাছে একটি প্রতিবেদন দেন।
“ওই প্রতিবেদনের ভিত্তিতে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও বিদ্যালয়ের পরিচালনা কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।”
