সাভারে গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই
সাভারে এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান।
আহত ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী (২৬) সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার মধুসুদন চক্রবর্তীর ছেলে। তিনি বাবার সঙ্গে নামাবাজারে ডালের পাইকারি ব্যবসা করেন।
গুরুতর অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠুনের বাবা মুধুসূদন চক্রবর্তী বলেন, দুপুরে মিঠুন ডাচ বাংলা ব্যাংক সাভার শাখা থেকে প্রায় ২৮ লাখ টাকা উত্তোলন করে রিকশাযোগে বাজারের কাছে পূবালী ব্যাংকে যাচ্ছিলেন ওই টাকা জমা দেওয়ার জন্য।
“পূবালী ব্যাংকের কাছাকাছি পৌঁছামাত্রই দুর্বৃক্তরা গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে পূবালী ব্যাংকের কাছাকাছি বাজার রোডের সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গতিরোধ করে ওই ব্যবসায়ীকে ঘাড়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
“পরে পথচারীরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনিন এখন সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।”
থানা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।
চিকিৎসকদের বরাত দিয়ে ওসি বলেন, তার ঘাড়ে একটি গুলি বিদ্ধ হয়ে বেরিয়ে গেছে। তবে তিনি এখন শংকামুক্ত।
“ব্যাংক থেকেই দুর্বৃত্তরা তার পিছু নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার উদ্ধার করা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনটি মোটরসাইকেল মিঠুনের রিকশার পিছু পিছু এসে স্কুলের সামনে গতিরোধ করে তার ঘাড়ে গুলি করে। মিঠুন সড়কে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে বলেও তারা জানান।
ডাচ বাংলা ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দস্তগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী তাদের ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। ঘটনার কিছু আগে তিনি ২৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে নিয়ে যান।
