২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামানত খোয়ালো যারা

পৌরসভা নির্বাচনে সিলেট বিভাগের ১৬ পৌরসভার ২৮ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 05:58 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

নির্বাচনে কাস্ট হওয়া ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক।

জামানত বাজেয়াপ্ত হওয়া মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জাসদ, আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীরাও রয়েছেন।

নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক জানান, জামানত বাজেয়াপ্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭ জন, সুনামগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১০ জন এবং হবিগঞ্জ জেলায় ৭ জন মেয়র প্রার্থী রয়েছেন।

সিলেটের কানাইঘাট পৌরসভায় বিএনপি প্রার্থী রহিম উদ্দিন ভরসা, জাতীয় পার্টির বাবুল আহমদ, খেলাফত মজলিসের ইসলাম উদ্দিন ও জাসদের তাজ উদ্দিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এছাড়া গোলাগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাভেল, জাতীয় পার্টির সুহেদ আহমদ এবং খেলাফত মজলিসের আমিনুল ইসলাম আমিনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পৌরসভায় বিএনপির শেরগুল আহমদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলার দিরাই পৌরসভায় জাতীয় পার্টির রফিকুল ইসলাম রফিক সর্দার এবং জাসদের মোজাম্মেল হকের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জগন্নাথপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল করিমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভায় ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল, ওয়ার্কার্স পার্টির সৌমিত্র সরকার এবং ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ সুজাত আলীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কুলাউড়া পৌরসভায় জাতীয় পাটির মুহিবুর রহমান, বড়লেখা পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান এবং জাতীয় পার্টির মীর মোহাম্মদ মুজিবুর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এছাড়া কমলগঞ্জ পৌরসভায় জামানত বাজেয়াপ্ত হয়েছে জাতীয় পার্টির রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, মাসুক মিয়া এবং হাসিন আফরোজ চৌধুরীর।

হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় ইসলামী আন্দোলনের আবদুল কাইয়ুম এবং ন্যাশনাল পিপলস পার্টির আবদুল কাদিরের জামানত বাজেয়াপ্ত হয়েছে। শায়েস্তাগঞ্জ পৌরসভায় ন্যাশনাল পিপলস পার্টির খালেদা আক্তার, স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন রুমী এবং রাকিব আহমদ, নবীগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গত বুধবার সিলেট বিভাগের চার জেলায় ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট জেলায় ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জের ৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসব পৌরসভায় মোট ৭১ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।