২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে পুকুরে কিশোরের গলিত লাশ

ঢাকার কেরাণীগঞ্জে একটি পুকুর থেকে এক কিশোরের গলিত লাশ পাওয়া গেছে, যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

নিহত মো. ফেরদৌস (১৫) উপজেলার বাঁকাচড়াইল গ্রামের নায়েব আলীর ছেলে।

কেরাণীগঞ্জ মডেল থানার ওসি ফেরদৌস হোসেন জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার সাতগাঁও এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত ২৫ ডিসেম্বর রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি ফেরদৌস। অনেক খোঁজাখুজি করে না পেয়ে পরের দিন থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।

“বিষয়টি নিয়ে তদন্ত করে ফেরদৌস নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে সাগর নামে স্থানীয় এক তরুণকে আটকের পর তার দেওয়া তথ্য অনুসারে রাত ২টার দিকে পুকুর থেকে গলিত লাশ উদ্ধার করা হয়েছে।”

শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়ে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেরদৌসকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জানিয়েছে সাগর।”