ছয় ‘গরুচোরকে’ চুয়াডাঙ্গায় গণপিটুনি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গণপিটুনিতে আহত ৬ ‘গরুচোরকে’ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
আলমডাঙ্গা সদর থানার ওসি আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোররাতে ভদুয়া গ্রামের আমজাদ হোসেনের একটি ও রেজাউল করিমের একটি গরু চুরি করার অভিযোগে ‘গ্রামবাসী’ ছয়জনকে পিটুনি দেয়।
পরে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতরা হলেন দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে ইনতাজুল ইসলাম (২৮), মিনহাজ উদ্দিনের ছেলে আব্দুল গাফ্ফার (২৮), নূর ইসলাম মণ্ডলের ছেলে সাহেব আলী (২৭), মো. কামাল হোসেন (৪৫), মো. শামীম হোসেন (২০) ও খাকছার মণ্ডল (৫৫)।
তাদের মধ্যে গাফ্ফার ও শামীমকে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। অন্য চারজনকে ভর্তি করা হলেও তারা আশঙ্কামুক্ত বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুন নাহার।
