রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ৩
রাজশাহী মহানগরীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানিয়েছেন।
নিহতরা হলেন- মহানগরীর মালদা কলোনি এলাকার মোটরমিস্ত্রি বাচ্চু (৪৫), তার সহকারী এরশাদ (৩৫) ও আদু (৪০)।
ওসি শাহাদত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওগাঁ থেকে রাজশাহীমুখী একটি বাস নগরীর প্রবেশমুখে স্টেডিয়াম মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই মোটারসাইকেলচালক বাচ্চুর মৃত্যু হয়। স্থানীয়রা দুই আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।”
