‘ধর্ষণে’ অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, ‘দুর্বলতায়’ মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে ‘ধর্ষণের’ পর অন্তঃসত্ত্বা হওয়া এক প্রতিবন্ধী শারীরিক ‘দুর্বলতার কারণে’ মারা গেছেন।
শুক্রবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সেলিনা খাতুন (৩০) নামের ওই মেয়েটির মৃত্যু হয়।
স্বজনরা জানান, জন্ম থেকে হাঁটুর নিচ থেকে সেলিনার দুই পা ছিল না। মানসিকভাবেও অস্বাভাবিক ছিলেন। খুব আস্তে আস্তে কথা বলতে পারতেন।
সেলিনা কামারখন্দ উপজেলার পাইকোশা লাহিড়ীবাড়ী গ্রামের মৃত বশির উদ্দিনের মেয়ে।
মৃত সেলিনার মা মরিয়ম বেগম ও বড় ভাই মোকাদ্দেস আলীসহ পরিবারের সদস্যরা জানান, পা না থাকায় হাঁটুতে ভর দিয়ে চলতেন সেলিনা। মাঝেমধ্যে গ্রামের এখানে ওখানে যেতেন।
সুযোগ বুঝে প্রতিবেশী আবু সাঈদ (৫০) তাকে ফুসলিয়ে ধর্ষণ করত। পরিবারের কেউ কখনও বিষয়টি জানতে পারেনি বলে জানান তারা।
তারা জানান, এক পর্যায়ে সেলিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তখন জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণকারী হিসেবে আবু সাঈদের কথা জানান।
মৃত্যুর আগে সেলিনা প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানান তারা।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপদ রায় বলেন, মেয়েটি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিকভাবে ‘অত্যন্ত দুর্বল’ ছিলেন তিনি।
“বৃহস্পতিবার দুপুরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ঝাঐল ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুস জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার রাতে গ্রামে সালিশ বসানো হয়। সালিশে আবু সাঈদ বিষয়টি স্বীকার করে।
সালিশে মেয়েটিকে সাঈদের বিয়ে করা এবং তাকে ১২ শতক জমি ও নগদ একলাখ টাকা দিতে হবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।
ঝাঐল ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল বলেন, “বিষয়টি শুনে আমরা সালিশ বৈঠকের মধ্য দিয়ে সুষ্ঠু মীমাংশার চেষ্টা করেছিলাম।”
কামারখন্দ থানার ওসি বাবুল সর্দার বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
