নির্বাচনের ফল ঘোষণাকালে নওগাঁয় হামলার ঘটনায় মামলা
নওগাঁয় পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার সময় হামলার ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অঙ্গাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রেজানুর রহমান সদর মডেল থানায় মামলাটি করেন বলে ওসি জাকিরুল ইসলাম জানান।
তবে ‘তদন্তের স্বার্থে’ পুলিশ কারও নাম বলেনি।
ওসি মামলার এজাহারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা আমিরুল ইসলাম জেলা প্রশাসকের হলরুমে নওগাঁ পৌরসভা নির্বাচনের ফল ঘোষণা করছিলেন।
“৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের ফল ঘোষণা করার পর বিএনপির প্রার্থী নজমুল হক সনি আওয়ামী লীগের দেওয়ান ছেকার আহম্মেদের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন।
“এ সময় একদল লোক এসে ফল ঘোষণা বন্ধ করতে বলে। রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা বন্ধ করা সম্ভব না বলে জানিয়ে দিলে দুর্বৃত্তরা ভাঙচুর শুরু করে। তারা চারটি লাপটপ, চেয়ারটেবিল ও স্ক্যানার মেশিনসহ বেশ কিছু আসবাব তছনছ করে।”
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
