কিশোরগঞ্জে ভোট নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত এক জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হোসেনপুর থানার ওসি মো. নান্নু মিয়া।
নিহত আবুল কাশেম (৫০) উপজেলার ধুলিহর এলাকার মৃত আফিজ উদ্দিনের ছেলে।
এ নিয়ে সারা দেশে নির্বাচনী সহিংসতায় তিন জন নিহত হল।
ওসি বলেন, বুধবার সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী মো. শাহজাহান কাজলের সঙ্গে আরেক প্রার্থী জহিরুল ইসলাম ওয়াসিমের সমর্থকদের ফলাফল নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়।
“গুরুতর আহত কাজলের সমর্থক আবুল কাশেমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
কাশেমের মৃত্যুর সংবাদে কাজলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বৃহস্পতিবার সকালে ধুলিহর এলাকায় ওয়াসিমের সমর্থকদের বাড়িঘরে হামলা করলে আবার সংঘর্ষ হয় বলে জানান ওসি।
তিনি বলেন, ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও তিনজনকে হোসেনপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নান্নু।
বুধবার ভোটের সময় চট্টগ্রামের সাতকানিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। আর বরগুনায় আহত একজন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক।
