২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চৌমুহনীতে ভোট স্থগিতের প্রতিবাদ আ. লীগ প্রার্থীর

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় ১০ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন ফয়সল।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:17 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনীর পাবলিক হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। কয়েকজন কাউন্সিলর প্রার্থীও তার সঙ্গে ছিলেন।

লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী ফয়সল অভিযোগ করেন, স্থগিত হওয়া ভোট কেন্দ্রগুলোতে কোনো ধরনের সহিংসতা বা হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি আচরণবিধি লংঘনের অভিযোগে কাউকে আটকও করা হয়নি।

“তারপরও রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ ১০টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।”

এ ব্যপারে সুষ্ঠু তদন্ত করে স্থগিত কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানান।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম তাজু, ইসমাইল হোসেন বাবলু, ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের খোকন ঘোষ, ১ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলু, নুরুল ইসলাম বাবুল এবং ৪ নম্বর ওয়ার্ডের মনসুর আহমদ রিপন।

রিটার্নিং অফিসার ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফয়সল নৌকা প্রতীক নিয়ে ১০টি কেন্দ্রের ফলাফলে ৭ হাজার ৩২৭ ভোট পেয়ে এগিয়ে আছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জহির উদ্দিন হারুন ধানের শীষে ৫ হাজার ৭৯৩ ভোট পেয়েছেন।

এই পৌরসভার ২০ কেন্দ্রের মধ্যে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে ১০ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  

চৌমুহনী পৌরসভায় মেয়র পদে তিনজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।