২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা পৌরসভায় পুনঃভোট দাবি আ. লীগ প্রার্থীর

সাতক্ষীরা পৌরসভায় ফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাহাদাৎ হোসেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 03:40 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহাদাৎ হোসেন জেলা এক জেলা আওয়ামী লীগ নেতা ও সদর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ভোটের আগের রাতে ৩১টি কেন্দ্রে ধানের শীষ, লাঙ্গল ও নারিকেল গাছ প্রতীকে ভোট কাটার অভিযোগ করেন।

তিনি সদর থানার ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির প্রার্থী তাসকিন আহমেদ চিশতিকে জেতাতে আর্থিক দুর্নীতিরও অভিযোগ করেন।  

তার অভিযোগ, ভোট কেন্দ্রগুলোতে নৌকা ব্যাচধারীদের ঢুকতে দেওয়া হয়নি। ছাত্রলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করতে চেয়েছে পুলিশ। কিন্তু ভোট চলাকালে পুলিশের উপস্থিতিতে কেন্দ্রের সামনে ধানের শীষের মিছিল হলেও পুলিশ নিশ্চুপ ছিল।

তিনি সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখের শাস্তি দাবি করেন।

সাতক্ষীরা পৌরসভায় বিএনপির তাজকিন আহমেদ চিশতি ১৬ হাজার ৪৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন জাতীয় পার্টির শেখ আজহার হোসেন।