নেত্রকোণায় দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
নেত্রকোণায় পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে শহরের মইনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম।
আহতদের মধ্যে পাঁচজনকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই পাঁচজন হলেন রবিন মিয়া (২২), সাজ্জাত হোসেন (২৩), রফিক মিয়া (২৫), আয়েশা আক্তার (২০) ও বাবু (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নির্বাচন নিয়ে বিরোধের জেরে সকালে নেত্রকোণা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পরাজিত কাউন্সিলর প্রার্থী আতাউর রহমান ও শামীম রেজার সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।
পরে পুলিশ এসে সাত রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় বর্তমানে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
