রাজশাহীর ১৩ পৌরসভা : আ. লীগ ৯, বিএনপি ৪
রাজশাহীর ১৩ পৌরসভার ৯টিতে আওয়ামী লীগ এবং বিএনপি ৪টিতে জয়লাভ করেছে।
বুধবার রাতে রিটানিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
রাজশাহীর বাগমারা উপজেলার দুটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে তাহেরপুর পৌরসভায় আবুল কালাম আজাদ দ্বিতীয় বারের মতো এবং ভবানীগঞ্জ পৌরসভায় আব্দুল মালেক প্রথম মেয়র নির্বাচিত হন।
রাত ৯টার দিকে রিটার্নি কর্মকর্তারা তরিকুল ইসলাম ফল ঘোষণা করেন।
কর্মকর্তা বলেন, তাহেরপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ তার নৌকা প্রতীকে ৭ হাজার ৯২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নঈম শামসুর রহমান মিন্টু তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২০৩ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী নওশাদ আলী জগ প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।
অপরদিকে ভবানীগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক তার নৌকা প্রতীকে ৬ হাজার ৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুর রাজ্জাক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৬ ভোট।
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। এ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান শহীদ।
বুধবার রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আলমগীর কবির।
তিনি জানান, কেশরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহীদ নৌকা প্রতীকে ৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান আকন্দ মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৯৬ ভোট।
এছাড়া বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র আলাউদ্দিন আলো ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯, জাপার প্রার্থী পেয়েছেন ৬৩ ভোট।
রাজশাহীর দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। এ পৌরসভায় তোফাজ্জল হোসেন দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন। রাতে রিটার্নিং কর্মকর্তা আক্তারুন্নাহার নির্বাচনের ফল ঘোষণা করেন।
তিনি জানান, দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে ৭ হাজার ৯০ ভোট পেয়ে জয়লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী হাসানুজ্জামান সান্টু মোবাইল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭২৯ ভোট।
গোদাগাড়ী ও কাঁকনহাট
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুটি পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে গোদাগাড়ী পৌরসভায় মনিরুল ইসলাম বাবু এবং কাঁকানহাট পৌরসভায় আব্দুল মজিদ মেয়র নির্বাচিত হন।
বুধবার রাতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা খালিদ হোসেন ফল ঘোষণা করেন।
তিনি বলেন, গোদাগাড়ী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনিরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে ১০ হাজার ৩৮৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৯৮ ভোট।
অপরদিকে কাঁকনহাট পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মজিদ নৌকা প্রতীকে ৫ হাজার ৮০৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজুর রহমান হাফিজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪০ ভোট।
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী জয়লাভ করেছেন। প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রথম নির্বাচিত মেয়র হলেন আসাদুল হক আসাদ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে রিটার্নি কর্মকর্তা নুরুজ্জামান ফল ঘোষণা করেন।
তিনি জানান, পুঠিয়া পৌরসভায় আসাদুল হক আসাদ ধানের শীষে পেয়েছেন ৪ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবিউল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১৩১ ভোট।
তানোর ও মুণ্ডুমালা
রাজশাহীর তানোর উপজেলার দুটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
মুণ্ডুমালা পৌরসভায় আওয়ামী লীগের গোলাম রাব্বানী তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।
তানোর পৌরসভার মেয়র হয়েছেন বিএনপির মিজানুর রহমান মিজান।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ দুটি পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুনিরুজ্জামান ভুইয়া আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
তিনি জানান, মুণ্ডুমালা পৌরসভায় গোলাম রাব্বানী নৌকায় ৬ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফিরোজ কবীর ধানের শীষে পেয়েছেন ৪ হাজার ৪৬ ভোট।
অপরদিকে তানোর পৌরসভায় বিএনপির মিজানুর রহমান ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইমরুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫৮৪ ভোট।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী ফিরোজ সরকার পেয়েছেন ১ হাজার ২৩ ভোট।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা ও কাটাখালি পৌরসভায় আওয়ামী ও বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
কাটাখালিতে আওয়ামী লীগের আব্বাস আলী ও নওহাটায় বিএনপির মকবুল হোসেন বিজয়ী হন।
বুধবার রাতে এই দুই পৌরসভার ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সেলিম হোসেন।
তিনি জানান, কাটাখালি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্বাস আলী নৌকা প্রতীকে ৬ হাজার ৬৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাজেদুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯৩৭ ভোট।
অপরদিকে নওহাটা পৌরসভায় বিএনপির মকবুল হোসেন ১২ হাজার ৭৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল বারী খান নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬৮৯ ভোট।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মুক্তার হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা হামিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের মুক্তার হোসেন নৌকা প্রতীকে ৫ হাজার ১৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোজাম্মেল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭১৫ ভোট।
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪৫ ভোট।
চারঘাট পৌরসভায় এবার বিএনপি মনোনিত প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুস সামাদ।
তিনি জানান, এ পৌরসভায় বিএনপির জাকির হোসেন বিকুল ধানের শীষ প্রতীকে ৭ হাজার ৫০২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র নার্গিস খাতুন নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩৯৬ ভোট।
