সোনারগাঁয় সাদেকুরই মেয়র থাকছেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাদেকুর রহমান মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান ৯টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
‘জগ’প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র সাদেকুর রহমান পেয়েছেন ৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ফজলে রাব্বি পেয়েছেন ৬ হাজার ২৫ ভোট।
ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোশারফ হোসেন ২ হাজার ৭৮৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, নারায়ণগঞ্জ-১ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি নজরুল ইসলাম বাবুর ভগ্নিপতি ও জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি ফজলে রাব্বি (নৌকা), বিএনপির মেয়র প্রার্থী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও বর্তমান মেয়র সাদেকুর রহমান (জগ) ও স্বতন্ত্র প্রার্থী জাহিদুল আজাদ নজরুল (নারকেল গাছ)।
বিগত নির্বাচনে বিএনপির ও জামায়াতের সমর্থন নিয়ে নাগরিক কমিটির ব্যানারে সোনারগাঁ পৌরসভার মেয়র পদে নির্বাচিত হন সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি।
এ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫১০ জন এবং নারী ভোটার ১০ হাজার ৯২ জন।
