নলডাঙ্গায় আ.লীগ প্রার্থী জয়ী
নাটোরের নলডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের শফির উদ্দিন মন্ডল মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে শফির উদ্দিন মন্ডল পান তিন হাজার ১৫ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্বাস আলী পান এক হাজার ৬৯৫ ভোট।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, পৌর বিএনপির সভাপতি মো. আব্বাস আলী, পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শফির উদ্দিন ও স্বতন্ত্র থেকে জিল্লুর রহমান ও আনিসুর রহমান।
এই পৌরসভায় মোট ভোটার সাত হাজার ৬৪১ জন। মোট নয়টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
গত নির্বাচনে বিএনপির আব্বাস আলী মেয়র নির্বাচিত হয়েছিলেন।
