হবিগঞ্জে ৩টিতে বিএনপি ও ২টিতে আ.লীগ জয়ী
হবিগঞ্জের পাঁচটি পৌরসভার মধ্যে তিনটিতে বিএনপি এবং দুটিতে আওয়ামী লীগ মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে হবিগঞ্জ সদর পৌরসভায় রিটার্নিং কর্মকর্তা মো. শফিউল আলম, নবীগঞ্জে রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন, চুনারুঘাটে রিটার্নিং কর্মকর্তা মাশহুদুল কবীর, শায়েস্তাগঞ্জে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এবং মাধবপুর পৌরসভায় রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম স্ব স্ব পৌরসভার ফলাফল ঘোষণা করেন।
এ জেলায় সদর পৌরসভায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ছাড়া জেলার অপর চারটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে।
হবিগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ সাময়িকভাবে বরখাস্ত বর্তমান মেয়র জি কে গউছ (ধানের শীষ) ১০ হাজার ৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান (নারিকেল গাছ) পেয়েছেন ৯ হাজার ২৬৪ ভোট।
জি কে গউছ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক হাজার ৫৩৩ ভোট বেশি পান।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৪০৩ ভোট।
নবীগঞ্জ পৌরসভায় ৫ হাজার ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী (ধানের শীষ)।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭৭৩ ভোট।
নির্বাচিত ছাবির আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী তোফাজ্জল ইসলাম চৌধুরীর চেয়ে ১ হাজার ৮৪৮ ভোট বেশি পান।
শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ছালেক মিয়া (নৌকা)৩ হাজার ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৩ ভোট বেশি পান।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলি (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৯৭৩ ভোট।
মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বর্তমান মেয়র হীরেন্দ লাল সাহা (নৌকা) ৫ হাজার ৭৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত হাবিবুর রহমান মানিক (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৮৪৮ ভোট। নির্বাচিত হীরেন্দ্র লাল সাহা প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান মানিকের চেয়ে ৮৮৫ ভোট বেশি পান।
চুনারুঘাট পৌরসভায় প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র ১৪ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামসু (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ৭৩৫ ভোট।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম রুবেল (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭২১ ভোট।
