তারাব পৌরসভায় আ.লীগ প্রার্থী বিজয়ী
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হাসিনা গাজী মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা ও রূপগঞ্জ উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীক নিয়ে হাসিনা গাজী পান ৩৯ হাজার ৮২১ ভোট। ধানের শীষ নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নাসির উদ্দিন আহম্মেদ পান ৫ হাজার ৯৪৪ ভোট।
হাসিনা গাজী নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি গাজী গোলাম দস্তগীর(বীর প্রতীক) স্ত্রী।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেন, নারায়ণগঞ্জ ১(রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক) স্ত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা গাজী নৌকা)। বিএনপির প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র বহিষ্কৃত তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী (জগ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সিব্বির আহম্মেদ(হাত পাখা)।
এ পৌরসভায় মোট ভোটার ৭৮ হাজার ৮৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪২৯ জন এবং মহিলা ভোটার ৩৭ হাজার ৪৬৮ জন। মোট ৩৭টি ভোট কেন্দ্রের সবগুলোতে ভোটগ্রহণ হয়।
বিগত নির্বাচনে এই পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী। এই নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় তাকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
