২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিদ্রোহীর ‘সব এজেন্ট’ বের করার অভিযোগ

গোপালগঞ্জ পৌরসভায় ১৯টি কেন্দ্রের মধ্যে ১৮টি থেকে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ মুশফিকুর রহমান লিটনের সব এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই প্রার্থী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 05:32 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

শহরের শেখ ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া এ প্রার্থী বলেন, “সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর আগে আমার এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়। তারপর তাদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।”

একতরফা ভোট এবং আগের রাতে ব্যালটে নৌকায় সিল দিয়ে বাক্সে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “এ ব্যাপারে আমি রিটার্নিং অফিসারকে মৌখিক অভিযোগ করলে তিনি কেন্দ্রের ক্ষমতাপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে বলতে বলেন। আমি প্রিজাইডিং অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।”

ঢাকা থেকে যাওয়া ম্যাজিস্ট্রেটদের কাছেও বিষয়টি বলেছেন বলার পরও সবাই নীরব ভূমিকা পালন করেছেন বলে দাবি তার।

এ ব্যাপারে লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

তবে সকাল ৯টায় বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লিটনের এজেন্ট নানজনীন রহমান বলেন, দায়িত্ব পালনে তাদের কোনো বাধা দেওয়া হয়নি। কেন্দ্রের চারটি বুথে চার জন এজেন্ট দায়িত্ব পালন করছেন।

যুগশিখা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার উজ্জ্বল কান্তি বড়াল, বীণাপাণি  সরাকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সমীর মল্লিক, ডগলাস মেমোরিয়াল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল লতিফ ও ঘোষেরচর চার্চ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু সালেহ বিন মামুন বলেন, কেন্দ্রগুলোতে এজেন্টকে মারধর বা বের করে দেওয়ার ঘটনা ঘটেনি।

বিএনপি প্রার্থীর পক্ষে এজেন্ট হতে এ কেন্দ্রগুলোতে কেউ আসেনি  বলেও তারা জানান।

গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহেদ হোসেন বলেন,  সকালে এ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর পাঁচ জন এজেন্ট ছিল। কিন্ত সকাল ১০টার দিকে এজেন্টরা কিছু না বলেই চলে যায়।

কেন্দ্রে বিএনপির দুজন এজেন্ট  ছিল, পরে তারাও চলে যায় বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে লিটনের এক এজেন্ট বলেন, সকালে তাদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়। এ আতঙ্কে অনেকে কেন্দ্রে যায়নি।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু অভিযোগ করেন, মৌলভীপাড়া ও রংধনু কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তার এজেন্টদের বের করে দেয়।

গোপালগঞ্জের রিটার্নিং অফিসার মো. মোমিনুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।