সৈয়দপুরে ব্যালট ব্যাক্স ছিনতাই চেষ্টা, গুলিবিদ্ধ ১
নীলফামারীর সৈয়দপুরে ব্যালট ব্যাক্স ছিনতাইয়ের চেষ্টার সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে শহরের নয়াটোরা প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম।
গুলিবিদ্ধ হিটলার চৌধুরী ভলু (৬৫) আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক বলে দাবি করেছে পুলিশ। তাকে সৈয়দপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, “বেলা ১টার দিকে নয়াটোরা প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট ব্যাক্স ছিনতাইয়ের চেষ্টা করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি বর্ষণ করলে ফয়জুর আহত হয়। পরে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়।”
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটকের খবর জানালে তাদের পরিচয় নিশ্চিত করেননি তিনি।
তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাখাওয়াৎ হোসেন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
