২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভুঞায় প্রার্থীকে লাঞ্ছনা, জালভোটে আটক ১২

ফেনীর দাগনভুঞা পৌরসভায় বিএনপির মেয়রপ্রার্থীকে ‘লাঞ্ছিত’ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 01:55 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

বুধবার সকালে ভোট শুরুর পর জাল ভোট দেওয়ার অভিযোগে পৌর এলাকার একাধিক কেন্দ্র থেকে ১২ জনকে আটক করা হয়েছে বলে ফেনীর সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম জানিয়েছেন।

বিএনপির প্রার্থী সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে উত্তর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক খানের সমর্থকরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এসময় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদের সহায়তায় বহিরাগত ভোটাররা কেন্দ্র দখল করে জাল ভোট দেয় বলে অভিযোগ করেন তিনি।

“চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ক্যাডার আজাদ বহিরাগতদের জাল ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে।”

প্রার্থীদের পক্ষ থেকে রির্টানিং কর্মকর্তাকে অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ না নেওয়া হচ্ছে না বলেও স্বপনের অভিযোগ।

আগের রাতে বিএনপি সমর্থক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে ওসি আজাদ বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ নাকচ করে ওসি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা ভিত্তিহীন অভিযোগ, আমি সরকারি দায়িত্ব পালন করছি, উনি ভিত্তিহীনভাবে অভিযোগ করেছেন।”

দাগনভুঞা পৌরসভায় ৯টি ওয়ার্ডের মোট ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট শুরুর পর থেকে কোথাও কোনো সংঘর্ষ বা হামলার খবর আসেনি। হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিএনপির প্রার্থী যে অভিযোগ করেছে সেটি সত্য নয়।”

‘বিএনপির প্রার্থীকে লাঞ্ছিত’ করা বা ‘জালভোটের’ অভিযোগকে নাকচ করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে সব মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। দলের কোন নেতাকর্মী কোখাও কাউকে বাধা দেয়নি।”