কুয়াকাটায় তিন পক্ষের সংঘর্ষ, কেন্দ্র স্থগিত
কুয়াকাটা পৌরসভার পানজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবির জানান, বুধবার সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই ৮ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে সংঘর্ষ শুরু হলে সকাল ১০টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রের ভেতরে তিন দলের এজেন্টদের মধ্যে তর্ক থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বাইরে তাদের সমর্থকরাও মারামারিতে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্তত অর্ধশত লোক আহত হন। পরিস্থিতি সামলাতে পুলিশকে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে বলে পটুয়ালী সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানান।
তিনি বলেন, “পরিস্থিতি এখনও থমথমে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”
আনোয়ার হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় জাতীয় পার্টির কর্মীরা আওয়ামী লীগের এজেন্ট খলিলুর রহমানকে পিটিয়ে গুরুতর জখম করেছে। তাকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্র এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে।
এদিকে সংঘর্ষের পর জাতীয় পার্টির (এরশাদের) মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হাওলাদার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থকরা ৮ নম্বর কেন্দ্রে প্রভাব বিস্তার করে কেন্দ্র দখল করে আমার কর্মী সমর্থক ও এজেন্টাদের উপর হামলা করেছে। আমাকেও তাড়িয়ে দিয়েছে। এসব সহিংস ঘটনার জন্যই ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।”
