২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরভোট: কিশোরগঞ্জে সংঘর্ষ, আটক ২

পৌরসভা ভোটের আগের রাতে কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের পর দুজনকে আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 12:19 AM

Updated : 25 Apr 2022, 02:21 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বাজিতপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।”

এ সময় বিএনপির লোকজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছে বলে জানালেও পুলিশ তাদের নাম-পরিচয় বলেননি তিনি।

বিএনপির কর্মীরা নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন দাবি করেছেন।

বুধবার সকাল ৮টা থেকে সারা দেশের ২৩৪ পৌরসভায় ভোট শুরু হবে। এবারই প্রথম দলীয় প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র প্রার্থীরা।