পৌর ভোট: কুড়িগ্রামে ৪৭ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’
কুড়িগ্রামের তিন পৌরসভার ৪৭টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ জানান, উলিপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম পৌরসভায় মোট ৬৩টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের ২০টি, নাগেশ্বরীর ১৩টি ও উলিপুরের ১৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
তিন পৌরসভায় ১৫ জন মেয়র, ১৮৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার এক লাখ ২৫ হাজার ৯৩৫ জন ভোটার ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন।
