সাভারে দুর্ঘটনায় শ্রমিক আহত, যানবাহন ভাংচুর
ঢাকার সাভারের আশুলিয়ায় হিউম্যান হলারের ধাক্কায় দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন।
ওই ঘটনার পর শ্রমিকরা হিউম্যান হলারটিতে অগ্নিসংযোগ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি যানবাহন ভাংচুর করেছে।
মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামগড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান।
আহতরা হলেন নাভা নিট গার্মেন্টেস শ্রমিক শরিফুল ইসলাম ও দি ড্রেস এন্ড দি আইডিয়াল কারখানার শ্রমিক মুরাদ।
তাদের বেরন এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে জামগড়া এলাকায় আব্দুল্লাপুরগামী একটি হিউম্যান হলারের ধাক্কায় শরিফুল ও মুরাদ আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়।
“ঘটনার সময় শরিফুল ও মুরাদের সহকর্মীরা হিউম্যান হলারটি আটকে অগ্নিসংযোগ করে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর চালায়।
“আগুনে হিউম্যান হলারটির ভিতরে কয়েকটি সিট পুড়ে যায়।”
বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান।
