২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ ‘জঙ্গি’ নিহত: র‍্যাবের দুই মামলা

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ যোগীতলায় র‍্যাবের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহতের ঘটনায় দুইটি মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2015, 12:32 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

পুরনো খবর:

গাজীপুরে নিহত ‘দুই জঙ্গি’র পরিচয় মেলেনি

র‍্যাব-১ এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. সেলিম খান বাদী হয়ে সোমবার রাতে জয়দেবপুর থানায় মামলা দুটি দয়ের করেন।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুইটি মামলা দয়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে তিনি বলেন, নিহত দুই জঙ্গির লাশ এখনও হাসপাতাল মর্গে রয়েছে। মঙ্গলবারের মধ্যে তাদের পরিচয় পাওয়া না গেলে বুধবার লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

মামলার নথি থেকে জানা যায়, গত রোববার সন্ধ্যায় গাজীপুরের যোগীতলা দক্ষিণপাড়ায় একটি পরিত্যক্ত টিনশেড বিল্ডিংয়ে কতিপয় জঙ্গি সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সংবাদ পাওয়া যায়।

ওই সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব ওই ঘরের সামনে অবস্থান নিয়ে ঘেরাও করে ফেলে। ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ঘর থেকে জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে বোমা ছোড়ে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বলে অভিযোগ উল্লেখ করা হয়।

এজাহারে বলা হয়, এক পর্যায়ে আসামিদের অবস্থানের পরিত্যক্ত ওই ঘরে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাত আড়াইটার দিকে র‌্যাব সদস্যরা ওই ঘরে প্রবেশ করে ক্ষতবিক্ষত অবস্থায় অজ্ঞাত পরিচয় দুই ‘জঙ্গিকে’ পড়ে থাকতে দেখেন।

ওই সময় তাদের আশপাশে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, চারটি বিস্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, বোমা তৈরির দুই কেজি বিস্ফোরকসহ সরঞ্জমাদি ও চারটি জিহাদি বই পড়ে থাকতে দেখা যায় বলেও মামলায় বলা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গুরুতর জখম দুইজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।