গাজীপুরে নিহত ‘দুই জঙ্গি’র পরিচয় মেলেনি
গাজীপুরে র্যাবের অভিযানে নিহত দুই ‘জঙ্গির’ পরিচয় নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সুরতহাল প্রতিবেদন তৈরি না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করছে না।
এ ঘটনায় এখনও মামলাও হয়নি বলে জানান জয়দেবপুর থানার ওসি মো. খন্দকার রেজাউল হাসান রেজা।।
রোববার মধ্যরাতে ভোগড়া বাইপাস সড়কের কাছে দক্ষিণ যোগীতলার একটি পরিত্যক্ত বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় র্যাবের এই অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত হন।
অভিযানের আগে রোববার দুপরে মিনহাজুল ও মাহবুব নামে দুই জঙ্গি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। মুক্তির পর কারাফটক থেকে তাদের র্যাব ধরে নিয়ে গিয়েছিল বলে নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছিলেন।
এতে অভিযানে তাদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তবে সোমবার খবর নিয়ে জানা যায়, র্যাব তাদের ধরে নিলেও পরে ছেড়ে দেয়। মাহবুব গাজীপুরের জয়দেবপুরে এবং মিনহাজ বগুড়ার শেরপুরে তাদের বাড়িতে রয়েছেন।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান রোববার রাতে সাংবাদিকদের যে তথ্য দিয়েছিলেন তার বেশি কিছু আর জানাননি।
সোমবার বিকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
হাসপাতালের চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, নিহত ৩০ বছরের যুবকের দেহে দুটি গুলির জখমের চিহ্ন রয়েছে। একটি গুলি কপাল দিয়ে ঢুকে মাথার বাম পাশ দিয়ে বের হয়ে যায়। অন্যটি মাথার পেছন দিক থেকে ঢুকে ঘাড়ের মাংসের ভেতরে পাওয়া গেছে।
৩৫ বছর বয়সী অন্য যুবকের দেহে তিনটি গুলির জখমের চিহ্ন রয়েছে। এর মধ্যে একটি ডান চোয়াল দিয়ে ঢুকে বাম কানের উপর দিয়ে বের হয়ে গেছে। দ্বিতীয়টি ডান উরুর সামনের দিক দিয়ে ঢুকে পেছনের দিকে বের হয়েছে এবং তৃতীয়টি একই পায়ের হাঁটুর নিচ দিয়ে হাড় ভেঙে ভেতরে ঢুকেছে।
“পরিচয় না পাওয়ায় তাদের নাম হাসপাতাল রেজিস্টারে লেখা হয়নি,” বলেন ডা. সালাম সরকার।
লাশ দুটি এখন হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে র্যাব সদস্যরা পাহারায় আছেন।
অভিযানের পর র্যাব জানিয়েছিল, জঙ্গিরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ওই বাড়িতে অভিযানে যায় র্যাব সদস্যরা।
অভিযানের সময় বাড়ির ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে বোমা হামলা চালালে র্যাব সদস্যরা পাল্টা গুলি করে। এতে দুজনের মৃত্যু হয়।
ওই এলাকায় প্রায় সময়ই পথচারী ও যানবাহনে ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ হয় এবং পরিত্যক্ত বাড়িটি অপরাধীরা আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি ওই বাড়িসহ ২৬ শতাংশ জায়গার মালিক।
যোগীতলার বাসিন্দা মো. নূর আলী ও ব্যবসায়ী খায়রুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে বোমা কিংবা গুলির বিকট শব্দ পেয়ে তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। ওই সময় র্যাব হ্যান্ড মাইকে পরিচয় দিয়ে এলাকাবাসীকে আর সামনে না আগাতে বলে। তারপর তারা ফিরে যান।
খায়রুল হোসেন জানান, বিভিন্ন সময় এখানে পথচারী ও যানবাহনে ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপরাধ সংঘটিত করে দুর্বৃত্তরা পরিত্যক্ত এই বাড়িটিতে আশ্রয় নিত।
মাসখানেক আগেও এখানে গাড়িতে ডাকাতি হয়েছে বলে খায়রুল জানান।
নূর আলী বলেন, “তাই এলাকাবাসী বাড়িটির দরজা-জানালা ভেঙে রাখে যাতে কেউ এখানে অবস্থান করলে দেখা যায়। এছাড়া কিছুদিন এখানে পাহারারও ব্যবস্থা করা হয়েছিল।”
তিনি জানান, বছর দুই আগে সবেবরাতের রাতে বাড়িটির অদূরে বাইতুন নূর জামে মসজিদে নামাজরত মুসল্লিদের একদল অস্ত্রধারী মসজিদ থেকে বের হতে নিষেধ করে।
তবে ওইদিন কী কারণে মুসল্লিদের এ হুমকি দিয়েছিল তা তিনি জানাতে পারেননি।
