পৌর নির্বাচন: সিরাজগঞ্জে ওসি প্রত্যাহার, সাংসদকে সর্তক
আসন্ন পৌর নির্বাচনে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে সিরাজগঞ্জ-৩ আসনের সরকার দলীয় সাংসদকে সর্তক করেছে নির্বাচন কমিশন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, পক্ষপাতিত্বের অভিযোগে শাজাদপুর থানার ওসি রেজাউল করিমকে প্রত্যাহার করতে সোমবার রাতে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
“ওই নির্দেশ মোতাবেক ইতোমধ্যেই ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”
জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ কামরুল হাসান জানান, রায়গঞ্জ পৌসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গাজী আব্দুল্লাহ পাঠানের পক্ষে প্রচার চালিয়ে আচরণবিধি লংঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।
“আমি বিষয়টি অবগত হয়েছি।”
