মুক্তিযুদ্ধে অপরাধ: ত্রিশালে ১২ জনের বিরুদ্ধে মামলা
একাত্তরে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ময়মনসিংহে জাতীয় পার্টির সাবেক এক সাংসদসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার ময়মনসিংহের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবেদা সুলতানার আদালতে মামলাটি দায়ের করেন ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলীর ছেলে রুহুল আমিন।
বাদীর আইনজীবী পীযুষ কান্তি সরকার জানান, আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সাংসদ আনিসুর রহমান মানিক, মোখলেছুর রহমান, শামসুল হক বাচ্চু, নুরুল হক ফকির, শাসুর হক ফকির, সুলতান ফকির, মানিক মুন্সি, ইবরাহিম, খাদেম, আব্দুল করিম, মৌলভী মোফাজ্জল হোসেন ও সাইদুর রহমান রতন।
মামলায় আসামিদের ‘রাজাকার’ বলে উল্লেখ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ১৪ অগাস্ট ‘রাজাকার কমান্ডার’ আনিসুর রহমান মানিকের নেতৃত্বে তার সহযোগীরা ত্রিশালের কাকচরের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইউনুস আলী ইনুকে আহাম্মদাবাদ স্কুল ক্যাম্পে ধরে নিয়ে অকথ্য নির্যাতন শেষে গুলি করে হত্যা করে।
