২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে হত্যা: ২ আসামির বাড়ি থেকে অস্ত্র-গুলি জব্দ

ফেনীতে জমির বিরোধে তিন জনকে গুলি করে হত্যার ঘটনার দুই আসামির বাড়ি থেকে অস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 08:52 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার বিকালে মামলার অন্যতম আসামি স্বপন চৌধুরী ও মিঠু চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি জব্দ করা হয় বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বপন চৌধুরী ও মিঠু চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের ব্যবহৃত একটি শটগান, একটি একনলা বন্দুক ও ৩৮ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।

“লাইসেন্স করা এসব আগ্নেয়াস্ত্রের মধ্যে শটগান ব্যবহারের আলামত পাওয়া গেছে। ঘটনার দিন ব্যবহৃত গুলির সঙ্গে উদ্ধার গুলির হুবহু মিল রয়েছে। হামলায় এ অস্ত্র ব্যবহার হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।”

এদিকে হামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির মধ্যে দুজন রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমীন জাহানের আদালতে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন বলে জানান পরিদর্শক শাহীনুজ্জামান।

ফেনী পৌরসভার মহিপাল উত্তর চাড়িপুর এলাকায় ৬২ শতাংশ জমি নিয়ে চৌধুরী বাড়ির লোকজনদের সঙ্গে স্থানীয় মাঈন উদ্দিনের বিরোধ চলেছে। এর জেরে বৃহস্পতিবার রাতে মাঈন উদ্দিনের বাড়িতে হামলা হয়। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাঈন উদ্দিন (৫০), তার ভাগনি আকলিমা আক্তার (১৫) নিহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মারুফ হোসেন (৬)।

এ ঘটনায় মাঈন উদ্দিনের ছেলে মোমিনুল হক নয়ন ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।

পুরনো খবর:

জমির বিরোধে গুলি, ফেনীতে নিহত ২
জমি নিয়ে বিরোধে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু