২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে বিরোধে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু

ফেনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আহত শিশুর মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান।

নিহত মারুফ হোসেন (০৬) সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গুনবতি গ্রামের হোটেল শ্রমিক মো. সুমন মিয়ার ছেলে। স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র ছিল সে।

এ নিয়ে বৃহস্পতিবার রাতে ফেনী পৌরসভার মহিপাল চাড়িপুর এলাকায় ওই ঘটনায় নিহতের সংখ্যা তিন জনে দাঁড়াল।

পুলিশ কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধে বৃহস্পতিবার রাতে চাড়িপুর গ্রামের মাঈন উদ্দিনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ স্বপন চৌধুরী, সাহেদ চৌধুরী, মিঠু চৌধুরী, মান্না ও  তাদের ভাড়াটে সন্ত্রাসীরা। তাদের এলোপাথাড়ি গুলিতে ঘটনাস্থলেই মাঈন উদ্দিন ও  তার স্কুল পড়ুয়া ভাগনি আকলিমা আক্তার নিহত হয়। গুলিবিদ্ধ হয় মারুফসহ তিন জন।

“আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারুফ মারা যায়।”