সড়ক দুর্ঘটনায় কাউন্সিলর প্রার্থী নিহত
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রোববার বিকালে পৌরসভা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালকিনি থানার ওসি ইদ্রিস আলী মিয়া।
নিহত আচমত আলী বেপারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
তার মৃত্যুতে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।
ওসি বলেন, বিকালে পৌরসভার সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আচমত আলী। আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, “এক প্রার্থীর মৃত্যুতে ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ স্থগিত থাকবে। অন্য পদে ভোটগ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে।”
