২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ

ঝালকাঠিতে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে এ যুবক নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2015, 06:07 PM

Updated : 22 Aug 2022, 02:22 PM

রোববার বেলা ৪টার দিকে শহরের সিটিপার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনায় নিখোঁজ সুমন (২৫) শহরের বাঁশপট্টি এলাকার সিকান্দার আলীর ছেলে।

তিনি পর্নগ্রাফি আইনে সদর থানায় দায়ের একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক জসিমুদ্দিন।

নদীতে ঝাঁপিয়ে পড়ার পর পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করেনি বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ধাওয়া করলে ছেলেটি নদীতে ঝাঁপ দেয়। পরে ‘আমি সাঁতার জানি না, আমাকে বাঁচান’ বলে চিৎকার করলেও সদর থানার উপ-পরিদর্শক জাসিমুদ্দিন ছেলেটি উদ্ধারের চেষ্টা করেন নি। কিছুক্ষণের মধ্যেই নদীতে তলিয়ে যায় ছেলেটি।

অভিযোগ অস্বীকার করে উপ-পরিদর্শক জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ছেলেটিকে ধাওয়া করিনি। পুলিশ দেখে দৌড়ে নদীতে ঝাঁপ দেয় সে।”

সদর থানার পরিদর্শক মাহে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে নদীতে অভিযান চালানো হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন বলে জানান তিনি।