ছুটিতে রাবির হল খোলা রাখার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে আবাসিক হল খোলা রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের তিন প্রবেশ পথ ও প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ ও প্রশাসন ভবনের গেইট বন্ধ করে সেখানে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের সঙ্গে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরাও ছিল।
এতে প্রশাসন ভবনের ভেতরে কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েছেন। সেখানে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাস ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে আটকে আছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটিতেও হল খোলা রাখা হয়। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অল্পদিনের ছুটিতেও আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়। পরীক্ষা ও অন্যান্য কাজ থাকায় যেসব শিক্ষার্থীরা রাজশাহীতে থাকতে বাধ্য হন তারা বিপাকে পড়েন।
“আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় বিসিএস পরীক্ষা কথা বিবেচনা না করে হল বন্ধের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানে না।”
দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকব বলেও জানান তিনি।
এছাড়া সমাবেশ থেকে রোববার সন্ধ্যায় উপাচার্যের বাসভবন ঘেরাও করার ঘোষাণা দেওয়া হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে যোগ দেয়।
শীতকালীন অবকাশের জন্য আগামী ১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকবে। ছুটিতে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
এদিকে ১ জানুয়ারি থেকে ছুটি শুরু হলেও ৩১ ডিসেম্বর হল বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ওইদিন বিভিন্ন বিভাগে ক্লাশ-পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক প্রফেসর শিউলি শামিম শান্তা বলেন, “ওইদিন দুপুর ১২টায় হল বন্ধ হবে। তখন ক্লাশ-পরীক্ষা শেষ হয়ে যাবে। একদিন একটু সমস্যা হতেই পারে।”
এদিকে হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও শাখা ছাত্রলীগ। মিছিল শেষ তারা হল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বিশেষ পরিস্থিতির কারণে ছুটির সময় আবাসকি হলগুলো বন্ধ রাখা হয়। বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এবার হল বন্ধের সময় কমানো হয়েছে।
তারপরও যে আন্দোলন চলছে তা অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি।
