কক্সবাজার সৈকতে শুরু হচ্ছে ‘মেগা বিচ কার্নিভাল’
আর চারদিন পরই কক্সবাজার সৈকতে শুরু হচ্ছে ‘মেগা বিচ কার্নিভাল’। পর্যটন বর্ষ-২০১৬ উপলক্ষে ৩১ ডিসেম্বর শুরু হয়ে এ কার্নিভাল চলবে তিনদিন।
কার্নিভাল উপলক্ষে সমুদ্র সৈকতের বালিয়াড়ীতে শোভা পাবে নানারকম বালির ভাষ্কর্য, যার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এ উৎসব আয়োজনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে রয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি), বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিসিপি) ও কক্সবাজার জেলা প্রশাসন।
পর্যটন বর্ষ-২০১৬ এর ক্ষণগণনা গত ১৯ ডিসেম্বর শুরু হয়েছে। ওইদিন রাতে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক সড়ক ( বিমানবন্দর সড়ক ) ও কলাতলী মোড়ে দুইটি ঘড়ি লাগানো হয়েছে।
শনিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা গেছে, বালির ভাষ্কর্য তৈরিতে ব্যস্ত রয়েছেন একদল তরুণ ভাষ্কর্য শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০ জন শিক্ষার্থী রয়েছেন এ ভাষ্কর্য শিল্পী দলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী গোবিন্দ সাহা নব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৈকতের বালিয়াড়ীতে আমরা ‘বিচ বিজয় মাস, বিচ কার্নিভাল, ডিজিটাল বাংলাদেশ ও লালন ফকির’ নামে চারটি বড় ভাষ্কর্য তৈরি করব।”
এছাড়া ছোট ছোট আরও কয়েকটি ভাষ্কর্য থাকবে। কার্নিভালের নানান আঙ্গিক ও শৈল্পিকতাকে ফুটিয়ে তুলে এসব ভাষ্কর্য তৈরি হবে বলে জানান তিনি।
বিচ কার্নিভাল বাস্তবায়নের দায়িত্বে থাকা বিজ্ঞাপনী সংস্থা গ্রে-বাংলাদেশ এর কর্মকর্তা আব্দুল্লাহ আল জুবায়ের বলেন, সমুদ্রের বালিয়াড়িতে বালি ভাষ্কর্য তৈরিতে মাটি সংগ্রহ থেকে শুরু করে সার্বিক কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের একটি দল।
বালিয়াড়ীতে চারটি বড় ভাষ্কর্য ছাড়াও ছোট আকারের আরও বেশ কয়েকটি ভাষ্কর্য থাকবে। এছাড়া আগ্রহী যে কেউ ভাষ্কর্য তৈরি করতে চাইলে তাদেরও বিচ কার্নিভাল আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে বলে জানান জুবায়ের।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, মেগা বিচ কার্নিভালের মাধম্যে কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরার নানান আয়োজন রয়েছে। পর্যটন বর্ষ উপলক্ষে লোকশিল্পের প্রসার ও কক্সবাজারের আকর্ষণীয় স্থানসমূহকে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
এতে দেশের সেরা শিল্পীদের নিয়ে সঙ্গীতানুষ্ঠান, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্যসহ সাংস্কৃতিক পরিবেশনা, সৈকতের দিগন্ত বিস্তৃত আকাশে নানা রঙের ঘুড়ি উড়ানো, সার্ফিং, বিচ ক্রিকেট ও ফুটবল খেলার টুর্নামেন্ট, দেশি ও আঞ্চলিক ঐতিহ্যবাহী খেলার প্রদর্শনসহ নানা আয়োজন থাকবে বলে জানান তিনি।
তবে সন্ধ্যার আগে ‘মেগা বিচ কার্নিভাল’ সহ উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, মেগা বিচ কার্নিভাল আয়োজন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন থার্টি ফার্স্ট নাইট ও মেগা বিচ কার্নিভাল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া আগত পর্যটকরা গোসলে নেমে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হন তার জন্য কার্যকর ব্যবস্থা নিতে লাইফ গার্ড কর্মী ও পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর পর্যটন বোর্ডের এক সভায় এ শিল্পের বিকাশে পর্যটন বর্ষ পালনসহ বিভিন্ন বিষয়ে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়।
তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক বুড্ডিস্ট ট্যুরিজম সার্কিট কনফারেন্সের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে ‘পর্যটনবর্ষ’ হিসেবে ঘোষণা করেন।
