শীতের ছুটিতে রাবির হল খোলা রাখার দাবি
শীতের ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্রজোট এ দাবি জানায়।
আগামী ৩১ ডিসেম্বর ১৫ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি ও ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্রলীগ সভাপতি এম মিজানুর রহমান রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বিসিএস পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারে সেজন্য আবাসিক হলগুলো খোলা রাখা দরকার। কিন্তু সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো সহযোগিতা না করে শীতকালীন ছুটির অজুহাতে হল খালি করছে।”
ছুটি চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হলে অবস্থান করবেন বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
হল বন্ধ রাখার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রগতিশীল ছাত্রজোটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “হল খোলা রাখার দাবিতে রোববার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩১ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সকল আবাসিক হল বন্ধ রাখার জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদ। কিন্তু ৮ জানুয়ারি বিসিএস পরীক্ষা থাকায় ৭ জানুয়ারি সকল হল খুলে দেওয়ার জন্য প্রধ্যক্ষদের বলা হয়েছে।
ছুটিতে আবাসিক হল বন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, “শীতের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, হল ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসহ সবকিছু বন্ধ থাকবে। ওই সময় হল দেখাশোনার জন্য কেউ থাকবে না। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
