২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ রাবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আগামী ২৭ ডিসেম্বর কর্মবিরতির ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 09:46 AM

Updated : 25 Apr 2022, 02:20 PM

বুধবার রাতে সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা জানিয়েছেন।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে অষ্টম বেতন কাঠামো নিয়ে শিক্ষক ও ব্যাংকারদের আন্দোলনকে ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ বেতন কাঠামোর কোনো ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নাকচ করে দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি প্রসঙ্গে মুহিত বলেন, “তাদের দাবি একেবারেই অজ্ঞতাপ্রসূত। আমি তাদের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করেছি।

“সোজা কথা, যে যা-ই বলুক, বেতন স্কেল পরিবর্তনের কোনো সুযোগ নেই।”

শিক্ষক সমিতির সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন কাঠামো চূড়ান্ত করার আগে অর্থমন্ত্রী শিক্ষকদের দাবি অনুযায়ী তা বাস্তবায়ন করার কথা বলেছিলেন। কিন্তু তা না করে এখন উল্টো শিক্ষকদের নিয়ে কটাক্ষ করেছেন, বলছেন আন্দোলন করে লাভ হবে না।  

“অর্থমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ ডিসেম্বর ক্লাশ-পরীক্ষা বন্ধ রেখে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে।”

২৭ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামোসহ সার্বিক বিষয়ে রাবি শিক্ষক সমিতির বক্তব্য জানানো হবে বলেও জানান আনন্দ কুমার সাহা।  

পুরনো খবর:

আন্দোলন ‘অযৌক্তিক’, পে স্কেলে নড়চড় নয়: অর্থমন্ত্রী