আশুলিয়ায় নর্দমায় নারীর ৭ টুকরো লাশ
ঢাকার অদূরে আশুলিয়ায় নর্দমা থেকে অজ্ঞাতপরিচয় এক নারী সাত টুকরো করা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে আশুলিয়ার তিনটি এলাকায় ছড়িয়ে থাকা অবস্থায় মৃতদেহের খণ্ডিত অংশগুলি পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গণকবাড়ির আল-আমিন মাদ্রাসার পাশের একটি নর্দমা থেকে নারীদেহের খণ্ডিত মাথা ও একটি পা এবং ডিইপিজেড এলাকার নর্দমা ও বাইপাইল ব্রিজের নিচ থেকে বাকি পাঁচ টুকরো উদ্ধার করা হয়েছে।
“এই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় আড়াল করতেই লাশের টুকরোগুলো বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।”
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্মের গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে শনিবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এসআই আনোয়ার বলেন, “অজ্ঞাতপরিচয় এই যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখা হবে।
দু্টি লাশই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
