রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
রাজশাহী ক্যাডেট কলেজে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছে।
শনিবার সকালে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে বলে কলেজের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তা (অ্যাডজুটেন্ট) মেজর মোবাশশির হায়দার জানিয়েছেন।
এরা হলেন- কলেজের কর্মচারী ওয়াহিদুজ্জামান (৪০), পিয়ন মঞ্জুর রহমান (৩০) এবং বেলুন বিক্রেতা ফয়সাল (২০) ও রবিউল ইসলাম (৪০)।
মেজর মোবাশশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেস্টুন উড়ানোর জন্য ফয়সাল ও রবিউল বেলুনে গ্যাস ভরার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে এই চার জন দগ্ধ হন। এছাড়া পিয়ন রায়হান আলী আহত হয়েছেন।
দগ্ধদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রায়হানকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বার্ন ইউনিটের বার্ন ইউনিটের চিকিৎসক মনোরমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দগ্ধদের মধ্যে রবিউলের শরীরের ২০ শতাংশ, ফয়সালের ২৮ এবং ওয়াহিদুজ্জামান ও মঞ্জুরের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
এদের মধ্যে মঞ্জুর ও ওয়াহিদুজ্জামানের অবস্থা গুরুতর বলে বার্ন ইউনিটের সিস্টার আবিদা সুলতানা জানান।
