বাগমারায় আত্মঘাতী হামলায় দুজনকে আসামি করে মামলা
রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা দুজনকে আসামি দেখিয়ে মামলা করেছে পুলিশ।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার গভীর রাতে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেছেন বাগমারা থানার এসআই মাসউদ আলী।
“মসজিদে হামলার সময় দুজন ছিল, তা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। বোমা বিস্ফোরণে একজন মারা যায় এবং জিন্সের প্যান্ট পরা এক যুবক সেখান থেকে দ্রুত চলে যায়।”
শুক্রবার মসজিদে আসা মুসল্লিরা জিন্সের প্যান্ট পরা দুই যুবককে দ্রুত চলে যেতে দেখেছেন বলে জানিয়েছিলেন।
এর একদিন বাদে শনিবার ওসি বলেন, “এখন পর্যন্ত একজনই দ্রুত চলে যায় বলে জানা গেছে।”
বোমা হামলায় নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।
শনিবার সকালে তার লাশ থানা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ওসি জানান।
শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় এক যুবক নিহত এবং মসজিদে নামাজ আদায় করতে আসা কয়েকজন আহত হন।
হামলাকারী ওই যুবক বিশেষ জ্যাকেট পরে বোমাটি বহন করে বলে পুলিশ জানিয়েছে।
দুই বিদেশি হত্যা, খ্রিস্টান যাজকদের হুমকি, শিয়া সম্প্রদায়ের উপর ঢাকায় হামলার পর বাগমারায় এই বিস্ফোরণে তারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে নিষিদ্ধ সংগঠন জেএমবিকে সন্দেহ করা হচ্ছে। জেএমবি নেতা মৃত্যুদণ্ডে দণ্ডিত সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের তৎপরতা এই বাগমারা এলাকায় ছিল।
