২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় ‘পলাতক’ কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে পৌর ভোটের আগে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 10:30 AM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শুক্রবার রাতে হাজী আসমত কলেজের সামনে থেকে শামীম আহমদকে গ্রেপ্তার করা হয় বলে ভৈরব থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ভৈরব থানায়  একটি মামলা আছে।

“দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে আটক করা যায়নি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার তাকে আটক করা হয়।”

এর আগে গত মঙ্গলবার রাতে পুলিশ একই ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করে।

শামীমকে আটকের প্রতিবাদ জানিয়েছে পৌর বিএনপি।

নির্বাচনে জিততে সরকারি দলের নীল-নকশার অংশ হিসেবে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন ভৈরব পৌর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী হাজি মো. শাহীন।

তিনি বলেন, “নির্বাচনে আমাকে হারাতে পারবে না জেনেই তারা বিএনপি’র নেতা-কর্মীদের আটক করাচ্ছে।”